ইতিকাফ ইসলামে ফজিলতপূর্ণ একটি আমল। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। ইসলামের পরিভাষায় ইতেকাফ মানে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নিজেকে মসজিদে আবদ্ধ করা। (উমদাতুল কারি, খণ্ড ১১, পৃষ্ঠা-১৪০)
ইতেকাফকারী দুনিয়াবী ব্যস্ততা ত্যাগ করে ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করবেন এবং জিকির-আজকার ও ইবাদত-বন্দেগিতে থাকবেন—এটাই নিয়ম। এই নিয়মের বাইরে যাওয়া উচিত নয়।
তবে ইতেকাফকারী পণ্য উপস্থিত না করে প্রয়োজনীয় চুক্তি ও লেনদেন করতে পারবেন। এটি জায়েজ। কিন্তু ব্যাপকভাবে বেচা-বিক্রি ও কাস্টমারদের সাথে আলোচনায় লিপ্ত হওয়া পণ্য উপস্থিত না করলেও ইতেকাফের উদ্দেশ্য পরিপন্থি কাজ ও মাকরুহ। আর মসজিদে পণ্য উপস্থিত করে বেচা-বিক্রি জায়েজ নেই। সুতরাং একান্ত প্রয়োজন ছাড়া ইতেকাফ অবস্থায় ব্যবসা পরিচালনা করা বা ক্রয়-বিক্রয়ের চুক্তিতে লিপ্ত হওয়া যাবে না। (ফতোয়ায়ে খানিয়া: ১/২২২; আযযাখিরাতুল বুরহানিয়া: ৩/১২০; তাবয়িনুল হাকায়েক: ২/২২৯; ফতোয়ায়ে হিন্দিয়া: ১/২১৩; আলবাহরুর রায়েক: ২/৩০৩; রদ্দুল মুহতার: ২/৪৪৮)
মনে রাখা বাঞ্ছনীয় মসজিদ ইবাদত-বন্দেগির জায়গা। এখানে ক্রয়-বিক্রয় করাকে হাদিসে নিষেধ করা হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেন, যদি কাউকে মসজিদে বেচাকেনা করতে দেখ তাহলে তোমরা বলবে আল্লাহ যেন তোমার ব্যবসা লাভজনক না করেন। (জামে তিরমিজি: ১/১৫৮)
অনেকে বলে থাকেন, হালাল বেচাকেনা ও ব্যবসা-বাণিজ্য তো সওয়াবের কাজ। আর মসজিদে সওয়াবের কাজ করলে অসুবিধা কী? এর উত্তর হলো- সব ধরনের সওয়াবের কাজের স্থান মসজিদ নয়; বরং এই হালাল ও সওয়াবের কাজের স্থান হলো বাজার। তবে শুধু ইতেকাফকারীর জন্য পণ্য মসজিদে উপস্থিত না করার শর্তে প্রয়োজনীয় লেনদেনের আলোচনার অনুমতি রয়েছে। (জামে তিরমিজি: ১/১৫৮; ইবনে মাজাহ পৃ. ৫৪; আদ্দুররুল মুখতার: ২/৪৪৮; আলবাহরুর রায়েক: ২/৩০৩; বাদায়েউস সানায়ে: ২/২৮৭; ফাতহুল কাদির: ২/৩১২)
মানবকণ্ঠ/এআই
